মসজিদে হারানো বস্তু বা ব্যক্তির সন্ধানে ঘোষণা দেওয়ার বিধান

প্রশ্ন: মসজিদে হারানো বস্তু বা ব্যক্তির সন্ধানে ঘোষণা দেওয়ার বিধান কী? মসজিদের ভেতরে কোন ধরনের ঘোষণা জায়েয এবং কোন ধরনের ঘোষণা নিষিদ্ধ?
▬▬▬▬▬▬▬▬◖◉◗▬▬▬▬▬▬▬▬
প্রথমত: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য।শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি। অতঃপর মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া বা তার পরিচয় তুলে ধরা বৈধ নয়। কারণ মসজিদ এ উদ্দেশ্যে নির্মিত হয়নি। বরং মসজিদ নির্মিত হয়েছে আল্লাহর যিকির প্রতিষ্ঠার জন্য।সহিহ মুসলিমে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:( مَنْ سَمِعَ رَجُلًا يَنْشُدُ ضَالَّةً فِي الْمَسْجِدِ فَلْيَقُلْ : لَا رَدَّهَا اللَّهُ عَلَيْكَ ؛ فَإِنَّ الْمَسَاجِدَ لَمْ تُبْنَ لِهَذَا )“যে ব্যক্তি মসজিদে কাউকে হারানো জিনিসের ঘোষণা দিতে শুনবে, সে যেন বলে: ‘আল্লাহ তোমাকে তা ফিরিয়ে না দেন।’ কেননা মসজিদ এ জন্য নির্মিত হয়নি।”(সহিহ মুসলিম হা/৫৬৮) সহিহ মুসলিমে অপর বর্ননায় বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি মসজিদে ঘোষণা দিল: ‘লাল উটটির সন্ধান কে দিতে পারবে?’ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: ( لَا وَجَدْتَ ؛ إِنَّمَا بُنِيَتْ الْمَسَاجِدُ لِمَا بُنِيَتْ لَهُ )“তুমি যেন সেটা আর খুঁজে না পাও! নিশ্চয় মসজিদ এ উদ্দেশ্যে নির্মিত হয়নি।”(সহিহ মুসলিম হা/৫৬৯)
.
উপরোক্ত হাদিসের ব্যাখ্যায় শাফি‘ঈ মাযহাবের প্রখ্যাত মুহাদ্দিস ও ফাক্বীহ, ইমাম মুহিউদ্দীন বিন শারফ আন-নববী (রাহিমাহুল্লাহ) [মৃত: ৬৭৬ হি.] বলেছেন:قَوْله صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ : ( لَا وَجَدْت ) وَأَمَرَ أَنْ يُقَال مِثْل هَذَا , فَهُوَ عُقُوبَة لَهُ عَلَى مُخَالَفَته وَعِصْيَانه وَيَنْبَغِي لِسَامِعِهِ أَنْ يَقُول : لَا وَجَدْت فَإِنَّ الْمَسَاجِد لَمْ تُبْنَ لِهَذَا . أَوْ يَقُول : لَا وَجَدْت إِنَّمَا بُنِيَتْ الْمَسَاجِد لِمَا بُنِيَتْ لَهُ . كَمَا قَالَهُ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ”নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: ‘তুমি যেন তা আর খুঁজে না পাও’ এটি তার অবাধ্যতা ও ভুলের শাস্তিস্বরূপ। যে ব্যক্তি এমন ঘোষণা শুনবে, তার উচিত এটা বলা: ‘তুমি যেন না আর খুঁজে না পাও; নিশ্চয় মসজিদ এ উদ্দেশ্যে নির্মিত হয়নি।’ অথবা বলা: ‘তুমি যেন তা আর খুঁজে না পাও; মসজিদ তো যে উদ্দেশ্যে নির্মিত হয়েছে, কেবল সে উদ্দেশ্য পূরণের জন্যই নির্মিত হয়েছে।’ যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।”(শারহু সহীহ মুসলিম,ইসলাম সওয়াল-জবাব ফাতাওয়া নং ১৪৫১৯৮)
ইবনে আব্দিল বার (রাহিমাহুল্লাহ) বলেন: وقد ذكر الله تعالى المساجد بأنها بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه وأن يسبح له فيها بالغدو والآصال ، فلهذا بنيت ، فينبغي أن تنزه عن كل ما لم تبن له“আল্লাহ তা‘আলা মসজিদসমূহ সম্পর্কে বলেছেন: এগুলো এমন ঘর, যেগুলোকে উঁচু করার ও তাতে তাঁর নাম স্মরণ করার এবং তাতে সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ঘোষণা করার অনুমতি দেওয়া হয়েছে। এ উদ্দেশ্যেই মসজিদগুলো নির্মিত হয়েছে। সুতরাং যে উদ্দেশ্যে নির্মিত হয়নি, তা থেকে মসজিদকে পবিত্র রাখা উচিত।”[আল-ইস্তিযকার (২/৩৬৮)] বাইহাকী ‘আস-সুনান’ গ্রন্থে বর্ণনা করেন: উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদের পাশে একটি খোলা জায়গা তৈরি করেন, যার নাম দেন ‘আল-বুতাইহা’। তিনি বলতেন: “من أراد أن يلغط أو ينشد شعرا أو يرفع صوتا فليخرج إلى هذه الرحبة“যে ব্যক্তি উচ্চস্বরে কথা বলতে চায়, কবিতা আবৃত্তি করতে চায় বা কোলাহল করতে চায়, সে যেন এই খোলা জায়গায় বেরিয়ে যায়।”
(বাইহাকী ‘আস-সুনান’ হা/২০৭৬৩: আরও দেখুন: আল-ইস্তিযকার (২/৩৬৮)।
যে ব্যক্তি হারানো জিনিসের ঘোষণা দিতে চায়, সে যেন মসজিদের বাইরে যায়। এমনকি সে যদি একটি কাগজে লিখে মসজিদের বাইরের দেয়ালে ঝুলিয়ে দেয়, তাতেও কোনো অসুবিধা নেই।আর যদি কারো জিনিস মসজিদের ভেতরে হারিয়ে যায় এবং সে ইমাম, মুয়াজ্জিন বা কর্মচারীকে গোপনে জানায়, যাতে যিনি জিনিসটি পেয়েছেন তিনি মালিকের কাছে পৌঁছে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, যদি বিষয়টি তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
.
বিগত শতাব্দীর সৌদি আরবের অন্যতম শ্রেষ্ঠ ফাক্বীহ শাইখুল ইসলাম ইমাম ‘আব্দুল ‘আযীয বিন ‘আব্দুল্লাহ বিন বায আন-নাজদী (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৪২০ হি./১৯৯৯ খ্রি.] বলেছেন:” المساجد لم تُبن لنشد الضوال أو البيع والشراء ، وإنما بنيت لعبادة الله وطاعته بالصلاة والذكر وحلقات العلم ونحو ذلك .وكتابة ورقة وتعلق في المسجد فهذا إذا كان في الجدار الخارجي فلا بأس أو على الباب الخارجي فلا بأس ، أما من الداخل فلا ينبغي لأن هذا يشبه الكلام ، ولأنه قد يشغل الناس بمراجعة الورقة وقراءتها .فالذي يظهر لنا : أنه لا يجوز ، لأن تعليق أوراق في المسجد معناه نشد الضوال ، ولكن إذا كتب على الجدار الخارجي من ظهر المسجد أو على الباب وتكون خارج المسجد فلا بأس بهذا “হারানো জিনিসের ঘোষণা দেওয়া বা ক্রয়-বিক্রয়ের জন্য মসজিদ নির্মিত হয়নি। বরং তা নির্মিত হয়েছে আল্লাহর ইবাদত, নামায, যিকির, ইলমের মজলিস ইত্যাদির জন্য। যদি মসজিদের বাইরের দেয়ালে বা বাইরের দরজায় কাগজ লিখে ঝুলানো হয়, তবে তাতে অসুবিধা নেই। কিন্তু ভেতরে ঝুলানো উচিত নয়। কারণ তা কথা বলার মতো হয়ে যায় এবং মানুষকে কাগজ পড়ায় ব্যস্ত করে দিতে পারে। অতএব আমাদের কাছে যা প্রতীয়মান হয় তা হলো, মসজিদের ভেতরে কাগজ ঝুলানো জায়েয নয়। কারণ এর অর্থই হলো হারানো জিনিসের ঘোষণা দেওয়া। তবে যদি মসজিদের পেছনের বাইরের দেয়ালে বা মসজিদের বাইরে দরজায় লেখা হয়, তবে তাতে কোনো সমস্যা নেই।”(সংক্ষপিত ফাতাওয়া নূরুন আলাদ-দারব (২/৭০৯)
.
সর্বোচ্চ ‘উলামা পরিষদের সম্মানিত সদস্য, বিগত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ফাক্বীহ, মুহাদ্দিস, মুফাসসির ও উসূলবিদ, আশ-শাইখুল ‘আল্লামাহ, ইমাম মুহাম্মাদ বিন সালিহ আল-‘উসাইমীন (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৪২১ হি./২০০১ খ্রি.] বলেছেন:” المساجد بما أن الله أضافها إلى نفسه وأضافها النبي صلى الله عليه وسلم إلى ربه وأذن الله أن ترفع لها حرمة ولها أحكام واحترام وتعظيم .ومن أحكام المساجد أنه لا يجوز بها البيع والشراء سواء كان قليلا أو كثيرا ، كذلك أيضا إنشاد الضالة يجيء رجل ويقول : ضاع مني كذا ، مثل محفظة الدراهم ، فهذا حرام لا يجوز حتى وإن غلب على أمرك أنه سرق في المسجد ، لا تقل كيف أتوصل إلى هذا ؟ اجلس عند باب المسجد خارج المسجد وقل : جزاكم الله خيرا ، ضاع مني كذا .المهم أن المساجد يا إخواني يجب أن تحترم”যেহেতু আল্লাহ মসজিদকে নিজের দিকে সম্বন্ধযুক্ত করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে তাঁর রবের দিকে সম্বন্ধযুক্ত করেছেন, আর আল্লাহ এগুলোকে মর্যাদা দিয়েছেন, তাই এগুলোর সম্মান, বিধান ও মর্যাদা রয়েছে।মসজিদের বিধানের অন্তর্ভুক্ত হলো: এতে ক্রয়-বিক্রয় করা জায়েয নয়, তা কম হোক বা বেশি হোক। তেমনি হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে না। কেউ যদি এসে বলে: আমার অমুক জিনিস হারিয়ে গেছে, যেমন: টাকা-পয়সার থলে, এটি হারাম; জায়েয নয়। এমনকি যদি প্রবল ধারণা হয় যে তা মসজিদেই চুরি হয়েছে, তবুও নয়। তুমি বলবে না: আমি কীভাবে তা উদ্ধার করব? বরং মসজিদের দরজার বাইরে বসে বলুন: আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন, আমার অমুক জিনিস হারিয়ে গেছে। ভাইয়েরা, মূল কথা হলো মসজিদকে সম্মান করা আবশ্যক।” [সংক্ষেপিত: শরহু রিয়াদিস সালেহীন; পৃষ্ঠা: ২০১৪)]
.
সৌদি আরবের ‘ইলমী গবেষণা ও ফাতাওয়া প্রদানের স্থায়ী কমিটির (আল-লাজনাতুদ দাইমাহ লিল বুহূসিল ‘ইলমিয়্যাহ ওয়াল ইফতা) ‘আলিমগণ বলেছেন:يمكن أن يلصق الإعلان خارج باب المسجد في مكان معين دائما ليعرفه الناس“মসজিদের দরজার বাইরে নির্দিষ্ট স্থানে বিজ্ঞপ্তি টাঙানো যেতে পারে, যাতে লোকেরা তা জানতে পারে।”[ফাতাওয়াল-লাজনা আদ-দায়িমা (৫/২৭৫)]
.
দ্বিতীয়ত: মসজিদে হারানো বস্তু খোঁজার জন্য উচ্চস্বরে ঘোষণা করা নিষিদ্ধ—এ নিষেধাজ্ঞা মূলত এমন সব ঘোষণা ও উচ্চবাচ্যের ক্ষেত্রে প্রযোজ্য, যা মসজিদের উদ্দেশ্য ও মর্যাদার পরিপন্থী। তবে কোনো ঘোষণা যদি আল্লাহর আনুগত্য, নেক আমল ও সৎকাজের প্রতি মানুষকে উৎসাহিত করার উদ্দেশ্যে করা হয়, তাহলে তা এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত নয়। বরং প্রয়োজন ও উপযোগিতা বিবেচনায় মসজিদের ভেতরে এ ধরনের দ্বীনি ঘোষণা করা বৈধ।
.
সৌদি আরবের ‘ইলমী গবেষণা ও ফাতাওয়া প্রদানের স্থায়ী কমিটির (আল-লাজনাতুদ দাইমাহ লিল বুহূসিল ‘ইলমিয়্যাহ ওয়াল ইফতা) ‘আলিমগণ বলেছেন:لا يجوز أن تتخذ المساجد، أو شيء من مرافقها، أو ساحاتها التابعة لها الخارجة عنها، ميدانا لعرض النشرات واللوحات الدعائية والإعلانات التجارية ، سواء كان ذلك للمدارس أو المصانع أو المؤسسات أو غيرها ؛ لأن المساجد إنما بنيت لعبادة الله تعالى من صلاة وذكر وتعلم العلم وتعليمه وقراءة القرآن ونحو ذلك من أمور الدين .فيجب تنزيهها عما ذكر ، ومراعاة حرمتها ، والحرص على عدم إشغال الناس بما يصرفهم عن عبادة الله تعالى ، وتعلقهم بالآخرة“মসজিদসমূহকে অথবা এর কোনো অংশকে কিংবা মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট বাইরের আঙিনাকে নোটিশ, প্রচারপত্র, বিজ্ঞাপন বোর্ড ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রদর্শনের জায়গা হিসেবে ব্যবহার করা জায়েয নয়; চাই তা স্কুলের হোক, কারখানার হোক, প্রতিষ্ঠানের হোক কিংবা অন্য কিছুরই হোক। কারণ মসজিদ মূলত নির্মিত হয়েছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। যেমন নামাজ, যিকির, দ্বীনি জ্ঞান শেখা ও শেখানো, কুরআন তিলাওয়াত করা এবং এ জাতীয় দ্বীনি কাজের জন্য।অতএব, মসজিদকে এসব বিষয় থেকে পবিত্র রাখা আবশ্যক, এর মর্যাদা রক্ষা করা জরুরি এবং মানুষকে এমন বিষয়ে ব্যস্ত না করার ব্যাপারে সচেষ্ট থাকতে হবে যা তাদেরকে আল্লাহর ইবাদত থেকে বিচ্যুত করে এবং আখিরাতের প্রতি মনোযোগ নষ্ট করে।”(ফাতাওয়াল-লাজনা আদ-দায়িমা (৫/২৭৬–২৭৭) থেকে সংক্ষেপিত]
.
বিগত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ফাক্বীহ, মুহাদ্দিস, মুফাসসির ও উসূলবিদ, আশ-শাইখুল ‘আল্লামাহ, ইমাম মুহাম্মাদ বিন সালিহ আল-‘উসাইমীন (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৪২১ হি./২০০১ খ্রি.]-কে প্রশ্ন করা হয়েছিল: একটি মসজিদে ঘোষণা দেওয়া হয় যে, প্রতি বৃহস্পতিবার যারা রোযা রাখতে চান তাদের জন্য ইফতারের ব্যবস্থা আছে। এর হুকুম কী? তিনি উত্তরে বলেন:هذا الإعلان لا بأس به ؛ لأنه إعلان فيه دعوة للخير وليس المقصود به بيعا ولا شراء ، المحرم أن يعلن عن البيع وشراء أو تأجير واستئجار مما لم تبن المساجد من أجله ، وأما الدعوة إلى الخير وإطعام الطعام والصدقة فلا بأس به“এই ঘোষণা দিতে কোনো সমস্যা নেই; কারণ এটি কল্যাণের দিকে আহ্বান। এর উদ্দেশ্য ক্রয়-বিক্রয় নয়। হারাম হলো বেচাকেনা করা, ভাড়া দেওয়া বা ভাড়া নেওয়ার ঘোষণা দেওয়াসহ আরো যেসব কাজের জন্য মসজিদ নির্মিত হয়নি সেগুলো করা। কল্যাণের দিকে আহ্বান করা, মানুষকে খাবার খাওয়ানো ও সদকা সম্পর্কে ঘোষণা দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই।”[সমাপ্ত] তাঁকে আরও জিজ্ঞাসা করা হয়েছিল: ‘মসজিদে কিছু বিজ্ঞপ্তি টাঙানোর বিধান কী? যেমন: হজ বা উমরার কাফেলার বিজ্ঞপ্তি বা কোনো বয়ান বা দারসের বিজ্ঞপ্তি।’
তিনি উত্তরে বলেন:أما ما كان إعلانا عن طاعة فلا بأس به ؛ لأن الطاعة مما يقرب إلى الله ، والمساجد بنيت لطاعة الله سبحانه وتعالى .وأما ما كان لأمور الدنيا ، فإنه لا يجوز ، ولكن يعلن عنه على جدار المسجد من الخارج . فالحملات – حملات الحج – أمر دنيوي ، فلا نرى أن نعلن عنها في الداخل .وحلق الذكر – كدورات العلم – خيرٌ محض ، فلا بأس أن يعلن عنها في داخل المسجد ؛ لأنها خير “যা আনুগত্য সংক্রান্ত ঘোষণা, তাতে কোনো সমস্যা নেই। কারণ আনুগত্য আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। আর মসজিদগুলো আল্লাহর আনুগত্যের জন্যই নির্মিত।আর যা দুনিয়াবি বিষয়সংক্রান্ত, তা জায়েয নয়। বরং তা মসজিদের বাইরের দেয়ালে ঘোষণা করা যাবে। যেমন: হজ্জের কাফেলা একটি দুনিয়াবি বিষয়; তাই আমরা এটাকে মসজিদের ভেতরে ঘোষণা দেওয়ার পক্ষপাতী নই।আর যিকিরের মজলিস তথা ইলমি কোর্স এগুলো নিখাদ নেকীর কাজ, তাই এগুলোর ঘোষণা মসজিদের ভেতরে দেওয়া যেতে পারে। কারণ এগুলো নেকীর কাজ।”[শরহু মানযূমাতিল কাওয়ায়িদ আল-ফিকহিয়্যা (পৃ. ৫২) থেকে সংক্ষেপিত]
.
অনুরূপভাবে, মসজিদে হারিয়ে যাওয়া শিশুর সন্ধানে মাইকে ঘোষণা দেওয়ার বিষয়টিও আলেমদের মধ্যে মতভেদপূর্ণ। তবে দলিল ও শরিয়তের উদ্দেশ্য বিবেচনায় অধিকতর সঠিক মত হলো—হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া জায়েজ। কেননা, মসজিদে হারানো বস্তু বা সম্পদের সন্ধানে ঘোষণা দেওয়ার নিষেধাজ্ঞা এবং হারিয়ে যাওয়া কোনো মানুষের সন্ধানে ঘোষণা দেওয়া এক বিষয় নয়। প্রথমটি হারানো সম্পদ খোঁজার অন্তর্ভুক্ত; পক্ষান্তরে দ্বিতীয়টি একজন সম্মানিত ও নিরাপরাধ মানুষের সন্ধান এবং তার নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে সম্পৃক্ত।
.
এ বিষয়ে শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ)-কে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, যার সন্তান মসজিদে হারিয়ে গেছে—সে কী করবে? উত্তরে শায়খ বলেন:يبحث عنه، ويسأل من يراه في المسجد: هل رأيت طفلا وصفه كذا وكذا … إلخ، أو يقف عند باب المسجد ويسأل من يخرج عن مطلوبه، لكن لا يقف ويعلن السؤال: من رأى كذا وكذا، بل يسأل خارج المسجد“সে তার সন্তানের সন্ধান করবে। মসজিদে যাদের পাবে, তাদের জিজ্ঞেস করবে: ‘আপনি কি এমন বর্ণনার কোনো শিশুকে দেখেছেন?…ইত্যাদি। অথবা সে মসজিদের দরজায় দাঁড়িয়ে সেখান থেকে বের হওয়া লোকদের কাছে তার নিখোঁজ সন্তানের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে। তবে মসজিদের ভেতরে দাঁড়িয়ে উচ্চস্বরে এভাবে ঘোষণা করবে না যে, ‘কে অমুক শিশুকে দেখেছেন?’ বরং মসজিদের বাইরে গিয়ে লোকজনকে জিজ্ঞেস করবে।”(ইসলাম সওয়াল-জবাব ফাতাওয়া নং-৩৬৪৫০৮)
.
​ইমাম ইবনু উসাইমিন (রাহিমাহুল্লাহ)-কে জিজ্ঞেস করা হয়েছিল:”যদি কোনো মানুষ হারিয়ে যায়, তবে কি মসজিদের মাইকে তার ব্যাপারে ঘোষণা দেওয়া জায়েজ আছে? এটি কি হারানো বস্তু খোঁজা সংক্রান্ত হাদিসের সাথে সাংঘর্ষিক?” ​তিনি উত্তর দিয়েছিলেন:نعم يجوز، وليس هذا من إنشاد الضالة، لأن إنشاد الضالة إنشاد شيء يملك، وإنشاد مال، أما هذا فهو إنشاد نفس معصومة محترمة، فلا بأس بذلك” انتهى من “دروس وفتاوى الحرم المكহ্যাঁ, তা জায়েজ। এটি হারানো বস্তু সম্পর্কে ঘোষণা দেওয়ার অন্তর্ভুক্ত নয়। কারণ ‘হারানো বস্তু সম্পর্কে ঘোষণা’ বলতে এমন কোনো বস্তুর সন্ধান করা বোঝায়, যা কারও মালিকানাধীন এবং যা সম্পদ হিসেবে গণ্য। পক্ষান্তরে, এখানে একজন সুরক্ষিত ও সম্মানিত মানুষের সন্ধান করা হচ্ছে। অতএব, এতে কোনো অসুবিধা নেই।”—(দুরূস ওয়া ফাতাওয়া আল-হারাম আল-মাক্কী;আরও দেখুন;ইসলাম সওয়াল-জবাব ফাতাওয়া নং-৩৬৪৫০৮)
.
পরিশেষে, মসজিদ আল্লাহর ঘর; এটি সালাত, যিকির, কুরআন তিলাওয়াত, দ্বীনি জ্ঞানচর্চা ও অন্যান্য ইবাদতের জন্য নির্মিত। তাই মসজিদের ভেতরে হারানো সম্পদ বা বস্তু খোঁজার জন্য উচ্চস্বরে ঘোষণা দেওয়া কিংবা এ উদ্দেশ্যে বিজ্ঞপ্তি টাঙানো শরিয়তসম্মত নয়। তবে মসজিদের বাইরের দেয়াল বা নির্ধারিত স্থানে এ ধরনের বিজ্ঞপ্তি দেওয়া যেতে পারে। অন্যদিকে, আল্লাহর আনুগত্য ও কল্যাণের প্রতি আহ্বানকারী—যেমন দ্বীনি দারস, ইলমি কার্যক্রম, সদকা বা খাবার বিতরণের—ঘোষণা প্রয়োজন অনুযায়ী মসজিদের ভেতরে দেওয়া বৈধ। আর হারিয়ে যাওয়া শিশু বা কোনো মানুষের সন্ধানকে হারানো সম্পদের ঘোষণার সঙ্গে এক করে দেখা ঠিক নয়; মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষার প্রয়োজন বিবেচনায় এ ধরনের ঘোষণা দেওয়ার অবকাশ রয়েছে। সুতরাং মসজিদের পবিত্রতা, মর্যাদা ও উদ্দেশ্য অক্ষুণ্ণ রেখে কোন ঘোষণা ইবাদতের সহায়ক আর কোনটি দুনিয়াবি বিষয়—এ পার্থক্যটি বিবেচনা করাই শরিয়তের ভারসাম্যপূর্ণ নির্দেশনা। আল্লাহই সর্বাধিক জ্ঞানী।
▬▬▬▬▬◖◉◗▬▬▬▬▬
উপস্থাপনায়: জুয়েল মাহমুদ সালাফি।
Share: