হজ্বের মাসসমূহে উমরাহ আদায়ের পর কেউ যদি মক্কা থেকে কোনো দূরবর্তী স্থানে সফর করে পুনরায় মক্কায় ফিরে এসে ৮ই জিলহজ্ব তামাত্তু হজ্বের ইহরাম বাঁধে তাহলে কি তার তামাত্তু সহীহ ও বহাল থাকবে

প্রশ্ন: হজ্বের মাসসমূহে উমরাহ আদায়ের পর কেউ যদি মক্কা থেকে মদিনা, তায়েফ বা অন্য কোনো দূরবর্তী স্থানে সফর করে পুনরায় মক্কায় ফিরে এসে ৮ই জিলহজ্ব তামাত্তু হজ্বের ইহরাম বাঁধে, তাহলে কি তার তামাত্তু সহীহ ও বহাল থাকবে? একটি গবেষণা ভিত্তিক পর্যালোচনা।
▬▬▬▬▬▬▬▬✿▬▬▬▬▬▬▬▬
ভূমিকা: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর জন্য। দরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মাদ ﷺ-এর প্রতি। অতঃপর তামাত্তু হজ্ব হচ্ছে, হজ্বের মাসসমূহে (হজ্বের মাস হচ্ছে- শাওয়াল, জ্বিলক্বদ, জ্বিলহজ্ব মাস) এককভাবে উমরার ইহরামবাঁধা, মক্কায় পৌঁছে তওয়াফ করা, উমরার সায়ী করা, মাথা মুণ্ডন করা অথবা চুল ছাটাই করে উমরা থেকে হালাল হয়ে যাওয়া। এরপর তারবিয়ার দিন অর্থাৎ ৮ জ্বিলহজ্ব এককভাবে হজ্বের ইহরাম বাঁধা এবং হজ্বের যাবতীয় কার্যাবলী শেষ করা। অতএব, তামাত্তু হজ্বকারী পরিপূর্ণ একটি উমরা পালন করেন এবং পরিপূর্ণ একটি হজ্ব পালন করেন।
.
এখন প্রশ্ন হলো: হজ্বের মাসসমূহে উমরাহ পালন করে তামাত্তু‘ হজ্বের নিয়ত করার পর কোনো ব্যক্তি যদি ৮ই জিলহজ্বের পূর্বে মক্কা থেকে মদিনা, তায়েফ অথবা কসর পরিমাণ দূরত্বে অবস্থিত অন্য কোনো স্থানে সফর করে, অতঃপর পুনরায় মক্কায় ফিরে এসে তামাত্তু‘ হজ্বের ইহরাম বাঁধে, তাহলে তার পূর্বের তামাত্তু‘ বহাল থাকবে কি না—এ বিষয়ে ফকীহদের মাঝে সুপরিচিত মতভেদ রয়েছে।অনুরূপভাবে এ বিষয়েও মতভেদ রয়েছে যে, ফিরে আসার সময় তার জন্য নতুন করে মীকাত থেকে ইহরাম বাঁধা আবশ্যক হবে কি না, কিংবা মক্কায় প্রবেশের পর জিলহজ্বের ৮ তারিখের পূর্বে পুনরায় একটি উমরাহ আদায় করতে হবে কি না।এটি প্রাচীনকাল থেকেই আলোচিত একটি গুরুত্বপূর্ণ ফিকহি মাসআলা। সালাফে সালেহীন, ইমামগণ এবং পরবর্তী যুগের ফকীহদের পক্ষ থেকে এ বিষয়ে বিভিন্ন মতামত ও দলীল বর্ণিত হয়েছে। সালাফদের বক্তব্য, দলিল ও ফকীহদের বিশ্লেষণ একত্র করলে এ বিষয়ে সহজেই একটি দীর্ঘ প্রবন্ধ রচিত হতে পারে। তাই এখানে বিস্তারিত আলোচনা পরিহার করে কেবল মূল বক্তব্যগুলো সংক্ষেপে তুলে ধরা হবে।
.
যদি কোনো ব্যক্তি হজ্বের মাসসমূহে উমরাহ সম্পন্ন করে মক্কা বা হারাম এলাকার ভেতরেই অবস্থান করেন, অতঃপর ৮ জিলহজ (ইয়াওমুত তারবিয়াহ) মক্কা থেকেই হজ্বের ইহরাম বেঁধে হজ্ব আদায় করেন, তাহলে ওলামায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত (ইজমা) অনুযায়ী তিনি ‘মুতামাত্তি’ হিসেবে গণ্য হবেন এবং তার ওপর তামাত্তু’র হাদী ওয়াজিব হবে। তবে ফকীহগণ এ বিষয়ে মতভেদ করেছেন যে, কেউ উমরাহ আদায়ের পর তামাত্তু’ হজের নিয়ত রেখে ইয়াওমুত তারবিয়াহর পূর্বে মক্কা থেকে এমন দূরত্বে সফর করেন,যাতে সালাত কসর করা যায়, তাহলে তার তামাত্তু’ কি বাতিল হয়ে যাবে, যার ফলে মক্কায় ফেরার সময় তাকে কোনো মীকাত থেকে নতুন করে ইহরাম বাঁধতে হবে, নাকি তার তামাত্তু’ বহাল থাকবে এবং নতুন ইহরামের প্রয়োজন হবে না? এ বিষয়ে আলেমদের দুটি প্রসিদ্ধ মত রয়েছে। তামাত্তু’ বহাল থাকার অর্থ হলো—উমরাহ ও হজ্বের মধ্যকার যোগসূত্র অক্ষুণ্ন থাকবে; ফলে তিনি ইহরাম ছাড়াই মক্কায় ফিরে ৮ জিলহজ মক্কা থেকেই হজ্বের ইহরাম বাঁধতে পারবেন এবং তার ওপর দমে-শুকর তথা তামাত্তু’র কুরবানি ওয়াজিব থাকবে। পক্ষান্তরে, তামাত্তু’ বাতিল হওয়ার অর্থ হলো—উমরাহর পর হারাম এলাকার বাইরে সফর করার কারণে সেই যোগসূত্র বিচ্ছিন্ন হয়ে গেছে; তাই তাকে মীকাত থেকেই নতুন করে ইহরাম বাঁধতে হবে। তখন তিনি যদি শুধু হজ্বের ইহরাম বাঁধেন, তবে ‘মুফরিদ’ হিসেবে গণ্য হবেন; আর যদি পুনরায় উমরাহর ইহরাম বাঁধেন, তাহলে প্রথম উমরাহর ভিত্তিতে নয়, বরং দ্বিতীয় উমরাহর সূত্রে নতুনভাবে ‘মুতামাত্তি’ হিসেবে বিবেচিত হবেন।
.
▪️প্রথম মত: একদল আলেমের মতে, উমরাহ আদায়ের পর মক্কা থেকে দূরবর্তী স্থানে সফর করলে তামাত্তু’ হজের ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তামাত্তু’ বাতিল হয়ে পড়ে। তবে কোন ধরনের সফর এবং কতটুকু দূরত্ব অতিক্রম করলে তা বাতিল হবে—এ বিষয়ে তাঁদের মধ্যে কিছু মতভেদ রয়েছে। এই মতটি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে আমীরুল মুমিনীন উমর ইবনুল খাত্তাব এবং তাঁর পুত্র আবদুল্লাহ ইবনে উমর (রাদিয়াল্লাহু আনহুমা) থেকে। তাবেয়ীগণের মধ্যে সাঈদ ইবনুল মুসাইয়্যিব, সাঈদ ইবনে জুবাইর, ইবরাহীম আন-নাখায়ী, তাউস ইবনে কাইসান এবং মুজাহিদ ইবনে জাবর (রাহিমাহুমুল্লাহ) এ মত গ্রহণ করেছেন। মুজতাহিদ ইমামদের মধ্যে ইসহাক ইবনে রাহওয়াইহ (রাহিমাহুল্লাহ)-ও এ মতের সমর্থক ছিলেন। যদিও আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু আনহু)-এর দিকেও এ মতটি নিসবত করা হয়, তবে এ সংক্রান্ত বর্ণনাটি সনদের দিক থেকে সহীহ নয়। হানাফী মাযহাবের মতে, তামাত্তু’ হজে উমরাহকারী ব্যক্তি যদি সাথে হাদী (কোরবানির পশু) নিয়ে না আসে এবং উমরাহ শেষে নিজ দেশে ফিরে যায়, তাহলে সর্বসম্মতিক্রমে তার তামাত্তু’ বাতিল হয়ে যাবে। তবে হানাফি ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শায়বানী (রাহিমাহুল্লাহ)-এর মতে, ব্যক্তি হাদী সাথে আনুক বা না আনুক, এমনকি নিজ দেশ ছাড়া অন্য কোথাও সফর করলেও তার তামাত্তু’ বাতিল হয়ে যাবে। অন্যদিকে মালেকী মাযহাবের মতে, উমরাহ আদায়ের পর কেউ যদি নিজ দেশে ফিরে যায় অথবা এমন দূরত্বে সফর করে যা তার দেশ থেকে মক্কার দূরত্বের সমপরিমাণ, তাহলে তার তামাত্তু’ বাতিল হয়ে যাবে। এ মতের সমর্থনে ইমাম শাফেয়ী (রাহিমাহুল্লাহ)-এর একটি প্রাচীন কওলও বর্ণিত হয়েছে। সমকালীন আলেমদের মধ্যে বিগত শতাব্দীর অন্যতম দুই প্রখ্যাত ফকীহ আবদুল আযীয ইবনে বায এবং মুহাম্মদ বিন সালিহ আল-উসাইমীন (রাহিমাহুমাল্লাহ) এ মতটিকেই প্রাধান্য দিয়েছেন। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী, উমরাহ সম্পন্ন করার পর কেউ যদি সৌদি আরবের অন্য কোথাও না গিয়ে সরাসরি নিজ দেশ বা স্থায়ী বাসস্থানে ফিরে যায়, তবেই তার তামাত্তু’ হজ বাতিল বলে গণ্য হবে; অন্যথায় নয়। আর দলিলের বিচারে এই দুই ইমাম (ইবনু বায ও ইবনু উসাইমীন (রাহিমাহুমুল্লাহ)-এর মতটিই অধিক বিশুদ্ধ ও গ্রহণযোগ্য—যার প্রমাণ শেষে উল্লেখ করা হবে।
.
এই পক্ষের আলেমদের দলিল হলো:মহান আল্লাহ তাআলার বাণী:فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ذَلِكَ لِمَنْ لَمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ(অর্থ: “অতঃপর যে ব্যক্তি হজ্ব পর্যন্ত উমরাহর দ্বারা লাভবান (তামাত্তু’) হতে চায়, সে যেন সাধ্যমত হাদী (পশু কোরবানি) দান করে। আর যে ব্যক্তি তা পাবে না, সে যেন হজ্বের দিনসমূহে তিনটি এবং ফিরে যাওয়ার পর সাতটি রোযা রাখে; এই হলো পূর্ণ দশটি। এই নিয়ম তার জন্য, যার পরিবারবর্গ মসজিদুল হারামের বাসিন্দা [মক্কাবাসী] নয়।”(সূরা বাকারা আয়াত:১৯৬)
.
​এই আয়াতের আলোকে আল-জাসসাস (রাহিমাহুল্লাহ) বলেন:الله تعالى خص أهل مكة بأن لم يجعل لهم متعة وجعلها لسائر أهل الآفاق وكان المعنى فيه إلمامهم بأهاليهم بعد العمرة مع جواز الإحلال منها وذلك موجود فيمن رجع إلى أهله لأنَّه قد حصل له إلمام بعد العمرة فكان بمنزلة أهل مكة
“আল্লাহ তাআলা মক্কাবাসীদের একটি বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন যে, তিনি তাদের জন্য ‘তামাত্তু হজ’ (হজের সাথে উমরাহ যুক্ত করা) নির্ধারণ করেননি, বরং এটি অন্যান্য দূর-দূরান্তের অঞ্চলের মানুষের জন্য নির্ধারণ করেছেন।এর অন্তর্নিহিত তাৎপর্য হলো—উমরাহ শেষ করে ইহরাম থেকে হালাল (মুক্ত) হওয়ার পর তারা যেন নিজেদের পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পায়। আর এই বিষয়টি এমন প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য যে (উমরাহ শেষে) নিজের পরিবারের কাছে ফিরে যায়; কারণ উমরাহ সম্পন্ন করার পর তার নিজ পরিবারের সাথে মিলিত হওয়ার বিষয়টি ঘটে গেছে। ফলে সে (হজ্বের হুকুমের ক্ষেত্রে) মক্কাবাসীদের সমপর্যায়ভুক্ত হয়ে গেছে।”(আহকামুল কুরআন’; খণ্ড: ১; পৃষ্ঠা: ৩৯৫)। প্রখ্যাত সাহাবী ইবনু উমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, উমর (রাযিয়াল্লাহু আনহু) বলেছেন: إذا اعتمر في أشهر الحج ثم أقام فهو متمتع، فإن رجع فليس بمتمتع “যদি কেউ হজ্বের মাসসমূহে উমরাহ করে অতঃপর (মক্কায়) অবস্থান করে, তবে সে মুতামাত্তি’। আর যদি সে ফিরে যায় (সফর করে), তবে সে মুতামাত্তি’ নয়”( মুসান্নাফে ইবনে আবী শাইবাহ হা/১৩১৬৩) এই বর্ণনার আলোকে তারা বলেন, এর বাহ্যিক অর্থ হলো, সে নিজের দেশে ফিরে যাক বা অন্য কোথাও—উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তবে বিশুদ্ধ মতে এই বর্ণনাটি (আসার) মুহাদ্দিসগণের নিকট যঈফ (দুর্বল) হিসেবে গণ্য।
.
ইবনু কুদামাহ (রাহিমাহুল্লাহ) ‘আল-কাফী’ গ্রন্থে তামাত্তু‘র শর্তসমূহ আলোচনা করতে গিয়ে বলেনঃأن لا يسافر بينهما سفرا يقصر فيه؛ لما روي عن عمر رضي الله عنه قال: إذا اعتمر في أشهر الحج ثم أقام فهو متمتع فإن خرج ثم رجع فليس بمتمتع ولأنه إذا سافر لزمه الإحرام من الميقات أو من حيث انتهى إليه … انتهى.“উমরা ও হজ্বের মধ্যবর্তী সময়ে এমন কোনো সফরে না যাওয়া, যে সফরে সালাত কসর করা বৈধ হয়। কারণ উমর (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন:”যে ব্যক্তি হজের মাসসমূহে উমরা সম্পূর্ণ করে অতঃপর (মক্কায়) অবস্থান করে, সে মুতামাত্তি‘। আর যদি সে (মক্কা থেকে) বের হয়ে যায়, তারপর ফিরে আসে, তবে সে মুতামাত্তি‘ নয়।”আর এর কারণ হলো, সে যখন সফর করবে, তখন তার উপর মীকাত থেকে অথবা যে স্থান পর্যন্ত তার সফর শেষ হয়েছে সেখান থেকে ইহরাম বাঁধা আবশ্যক হবে….”(কিতাবুল কাফী ফী ফিকহিল ইমাম আহমাদ; খণ্ড: ১ পৃষ্ঠা: ৩১০; গৃহীত ইসলাম ওয়েব ফাতওয়া নং-১১৫৫৮৬)
.
▪️দ্বিতীয় মত: আরেকদল আলেমের মতে,উমরাহ আদায়ের পর মাঝখানে সফর করলেও স্বাভাবিক ভাবে তামাত্তু’ বাতিল হয় না। তাই পুনরায় মীকাত থেকে ইহরাম বাঁধা তার জন্য জরুরি নয়; বরং মক্কায় ফিরে এসে ইয়াওমুত তারওিয়াহর (৮ জিলহজ্ব) দিন সে মক্কা থেকেই হজের ইহরাম বাঁধবে। তবে কোনো ধরনের সফরে তা বাতিল হবে কি না—এ বিষয়ে আলেমদের মধ্যে কিছুটা মতভেদ রয়েছে। এই মতটি গ্রহণ করেছেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা) ও বিখ্যাত তাবে’ঈ হাসান বাসরী রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানীফা রাহিমাহুল্লাহ-ও এ মত পোষণ করেছেন—বিশেষত যদি ব্যক্তি হাদী সঙ্গে নিয়ে আসে, অথবা নিজ দেশের বাইরে অন্য কোথাও সফর করে।এছাড়া ইবনুল হুমাম, ইবনুল মুনযির এবং ইবনু হাযম-ও তামাত্তু’ বাতিল না হওয়ার মতকে প্রাধান্য দিয়েছেন। মালেকী, শাফেয়ী ও হাম্বলী মাযহাবেও মূলত এ মতই পাওয়া যায়, যদিও সফরের দূরত্ব ও ধরন নিয়ে তাদের মধ্যে কিছু বিস্তারিত পার্থক্য রয়েছে। বিগত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ দুই বিশিষ্ট ফকীহ আব্দুল আযীয ইবনে বায এবং মুহাম্মদ ইবনে সালিহ আল-উসাইমীন-ও এ মতকেই শক্তিশালী বলেছেন—বিশেষত যখন ব্যক্তি নিজের দেশে ফিরে না গিয়ে সৌদি আরবের অন্য কোথাও যেমন মদিনা,তায়েফ সফর করে।দলিলের আলোকে এটিই এই মাসালায় অধিক প্রকাশ্য ও অধিক প্রাধান্যযোগ্য মত।
.
​এই মতের পক্ষে প্রথম দলিল: আল্লাহ তাআলার বাণী: فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ذَلِكَ لِمَنْ لَمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ(অর্থ: “অতঃপর যে ব্যক্তি হজ্ব পর্যন্ত উমরাহর দ্বারা লাভবান (তামাত্তু’) হতে চায়, সে যেন সাধ্যমত হাদী (পশু কোরবানি) দান করে। আর যে ব্যক্তি তা পাবে না, সে যেন হজ্বের দিনসমূহে তিনটি এবং ফিরে যাওয়ার পর সাতটি রোযা রাখে; এই হলো পূর্ণ দশটি। এই নিয়ম তার জন্য, যার পরিবারবর্গ মসজিদুল হারামের বাসিন্দা [মক্কাবাসী] নয়।”(সূরা বাকারা আয়াত: ১৯৬) এর আলোকে আলেমগন বলেছেন,এই আয়াতটি সাধারণ (আম)। ইবনুল মুনযির বলেন: আয়াতে নিজের পরিবারের কাছে ফিরে যাওয়া ব্যক্তি এবং ফিরে না যাওয়া ব্যক্তির মধ্যে কোনো ব্যতিক্রম করা হয়নি। যদি এই বিষয়ে অন্য কোনো উদ্দেশ্য থাকত, তবে আল্লাহ তাঁর কিতাবে অথবা তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যবানে তা স্পষ্ট করে দিতেন।”(আল-ইশরাফ আলা মাযাহিবিল উলামা (৩/ ২৯৭)।
.
​ইবনু হাযম (রাহিমাহুল্লাহ) বলেন:لا خلاف فيمن جاز على ميقات لا يريد حجاً، ولا عمرة، ولا دخول مكة لكن لحاجة له… لا يلزمه الإهلال من هنالك، وأنَّه إن بدا له في الحج والعمرة، وقد تجاوز الميقات فإنَّه يهل من مكانه ذلك، وحجه تام وعمرته تامة، وأنَّه غير مقصر في شيء مما يلزمه. فصح أنَّ القصد للحج أو العمرة من بلد الإنسان، أو من مثل بلده في البعد، أو من الميقات لمن لم يمر به، وهو يريد حجاً أو عمرة ليس شيء من ذلك من شروط الحج “এই বিষয়ে কোনো দ্বিমত নেই যে, যে ব্যক্তি কোনো মীকাত অতিক্রম করল অথচ সে হজ্ব বা ওমরার ইচ্ছা রাখেনি, এমনকি মক্কায় প্রবেশের উদ্দেশ্যও তার ছিল না, বরং নিজের কোনো প্রয়োজনে (সেখান দিয়ে) গেছে… তার জন্য সেখান থেকে ইহরাম বাঁধা আবশ্যক নয়। পরবর্তীতে (মীকাত অতিক্রম করার পর) যদি তার মধ্যে হজ্ব বা ওমরার ইচ্ছা জাগ্রত হয়—অথচ সে মীকাত অতিক্রম করে গেছে—তবে সে তার ওই (বর্তমান) স্থান থেকেই ইহরাম বাঁধবে। আর তার হজ্ব ও ওমরাহ পূর্ণাঙ্গ হবে এবং তার ওপর ওয়াজিব (আবশ্যক) কোনো কিছুতেই সে ত্রুটিকারী বা অবহেলাকারী বলে গণ্য হবে না।সুতরাং এটি স্পষ্টভাবে প্রমাণিত হলো যে, কোনো মানুষের নিজস্ব দেশ থেকে, কিংবা দূরত্বের দিক থেকে তার দেশের সমপর্যায়ের কোনো স্থান থেকে, অথবা যে ব্যক্তি মীকাত অতিক্রম করেনি (ভিন্ন পথ দিয়ে এসেছে) তার জন্য মীকাত থেকে হজ্ব বা ওমরার সংকল্প (নিয়ত) করা—এর কোনোটিই হজ্ব (শুদ্ধ হওয়ার) শর্তসমূহের অন্তর্ভুক্ত নয়।”।( আল মুহাল্লা খন্ড: ৭ পৃষ্ঠা: ১৬৪)
.
বিগত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আলেম ইমাম ইবনু উসাইমীন (রাহিমাহুল্লাহ)-কে এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে, কোনো মুতামাত্তি‘ ব্যক্তি যদি উমরার পর নবী ﷺ-এর মসজিদ (মদিনা) জিয়ারত করতে যায় অথবা তায়েফে বের হয়, তারপর মক্কায় ফিরে আসে, তাহলে কি তার উপর ইহরাম বাঁধা আবশ্যক হবে?
তিনি উত্তরে বলেন: لا يلزمه الإحرام، يعني: إذا أدى المتمتع العمرة، وخرج من مكة إلى الطائف أو إلى جدة أو إلى المدينة، ثم رجع فإنه لا يلزمه الإحرام بالحج، لأنه رجع إلى مقره، فيحرم بالحج يوم التروية من مكة، كما لو كان من أهل مكة وذهب إلى المدينة في أشهر الحج، ثم رجع من المدينة وهو في نيته أن يحج في هذا العام، فإنه لا يلزمه الإحرام بالحج إلا من مكة … اتنهى .“তার উপর ইহরাম বাঁধা আবশ্যক হবে না। অর্থাৎ, যখন মুতামাত্তি‘ ব্যক্তি উমরা সম্পন্ন করে, এরপর মক্কা থেকে তায়েফ, জেদ্দা বা মদীনায় যায়, তারপর ফিরে আসে, তখন তার উপর হজের ইহরাম বাঁধা আবশ্যক হবে না। কারণ সে তার অবস্থানস্থলে ফিরে এসেছে। তাই সে ইয়াওমুত তারওিয়াহর দিন মক্কা থেকেই হজের ইহরাম বাঁধবে। যেমন মক্কার অধিবাসী কেউ হজের মাসগুলোতে মদীনায় গেল, তারপর এ বছরের হজ্ব করার নিয়তসহ মদীনা থেকে ফিরে এলো—তাহলেও তার উপর মক্কা ছাড়া অন্য কোথাও থেকে হজের ইহরাম বাঁধা আবশ্যক হবে না…”সমাপ্ত। গৃহীত ইসলাম ওয়েব ফাতওয়া নং-১১৫৫৮৬)
.
ইমাম ইবনু উসাইমীন (রহিমাহুল্লাহ) অপর ফাতাওয়ায় আরও স্পষ্ট করে বলেছেনঃإذا أحرم الإنسان بالتمتع، ووصل إلى مكة: فالواجب عليه أن يطوف ويسعى ويقصر، وبذلك يحل من عمرته، وله بعد ذلك أن يخرج إلى جدة ، أو إلى الطائف ، أو إلى المدينة ، أو إلى غيرها من البلاد ، ولا ينقطع تمتعه بذلك ، حتى لو رجع محرماً بالحج ، فإن التمتع لا ينقطع .أما لو سافر إلى بلده، ثم عاد من بلده محرماً بالحج: فإن تمتعه ينقطع.فإن عاد محرماً بعمرة، بعد أن رجع إلى بلده، صار متمتعاً بالعمرة الثانية، لا بالعمرة الأولى؛ لأن العمرة الأولى انقطعت عن الحج بكونه رجع إلى بلده .وخلاصة القول: أن من كان متمتعاً، فله أن يسافر بين العمرة والحج إلى بلده، أو غيره.لكن إن سافر إلى بلده، ثم عاد محرماً بالحج: فقد انقطع تمتعه، ويكون مفرداً. وإن سافر إلى غير بلده، ثم عاد محرماً بالحج: فإنه لا يزال على تمتعه، وعليه الهدي كما هو معروف “যখন কোনো মানুষ তামাত্তু হজের ইহরাম বাঁধে এবং মক্কায় পৌঁছায়, তখন তার ওপর ওয়াজিব হলো—তাওয়াফ করা, সাঈ করা এবং চুল ছোট করা (কাটা)। আর এর মাধ্যমেই তিনি তার উমরাহ থেকে হালাল হয়ে যাবেন। এরপর তার জন্য জেদ্দা, তায়েফ, মদীনা কিংবা অন্য যেকোনো শহরে (বা দেশে) যাওয়ার অনুমতি রয়েছে। এর দ্বারা তার তামাত্তু (হজ) বিচ্ছিন্ন (বা বাতিল) হবে না; এমনকি সে যদি (সেখান থেকে সরাসরি) হজের ইহরাম বেঁধেও ফিরে আসে, তবুও তার তামাত্তু ভঙ্গ হবে না।তবে, সে যদি নিজ দেশে ফিরে যায়, অতঃপর নিজ দেশ থেকে হজ্বের ইহরাম বেঁধে ফিরে আসে, তাহলে তার তামাত্তু বিচ্ছিন্ন (বাতিল) হয়ে যাবে।আর যদি সে নিজ দেশে ফিরে যাওয়ার পর (সেখান থেকে) পুনরায় উমরার ইহরাম বেঁধে ফিরে আসে, তবে সে এই দ্বিতীয় উমরার কারণে ‘মুতামাত্তি‘ (তামাত্তুকারী) হিসেবে গণ্য হবে, প্রথম উমরার কারণে নয়। কারণ, নিজ দেশে ফিরে যাওয়ার ফলে প্রথম উমরাটি হজ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
​সারকথা হলো: যিনি তামাত্তুকারী, তিনি উমরা ও হজের মধ্যবর্তী সময়ে নিজ দেশে কিংবা অন্য কোথাও সফর করতে পারেন।কিন্তু তিনি যদি নিজ দেশে সফর করেন (ফিরে যান), অতঃপর হজের ইহরাম বেঁধে ফিরে আসেন, তবে তার তামাত্তু বাতিল হয়ে যাবে এবং তিনি ‘মুফরিদ’ (এককভাবে কেবল হজ সম্পাদনকারী) হয়ে যাবেন।আর যদি তিনি নিজ দেশ ছাড়া অন্য কোথাও সফর করেন, অতঃপর হজের ইহরাম বেঁধে ফিরে আসেন, তবে তিনি তার তামাত্তু’র ওপরই বহাল থাকবেন এবং নিয়মানুযায়ী তার ওপর ‘হাদি’ (কুরবানি) আবশ্যক হবে।”(ইবনু উসাইমীন;আল-লিক্বাউশ শাহরী, লিক্বা নং-১৬/৪)
.
ইমাম ইবনু উসাইমীন (রহিমাহুল্লাহ) বলেছেন:إذا أحرمت بالعمرة في أشهر الحج ، وأنت قد نويت الحج هذا العام فأنت متمتع… ما لم ترجع إلى بلدك ، فإذا رجعت إلى بلدك ثم عدت من بلدك محرما بالحج وحده : فأنت غير متمتع ؛ فلا هدي عليك “যখন তুমি হজের মাসগুলোতে উমরার ইহরাম বাঁধো এবং এ বছরের হজ করার নিয়ত রাখো, তাহলে তুমি মুতামাত্তি‘ যতক্ষণ না তুমি নিজ দেশে ফিরে যাও।অতঃপর যদি তুমি নিজ দেশে ফিরে যাও, তারপর নিজ দেশ থেকে শুধু হজের ইহরাম বেঁধে ফিরে আসো, তাহলে তুমি মুতামাত্তি‘ নও; সুতরাং তোমার উপর কোনো হাদি নেই।”(ইবনু উসাইমীন; মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল; খণ্ড: ২৪; পৃষ্ঠা: ১৯১)
তিনি (রাহিমাহুল্লাহ) আরো বলেছেন:” ما دمت قادما من بلادك وأنت تريد الحج وأحرمت بالعمرة في أشهر الحج فأنت متمتع سواء نويت أنك متمتع أم لم تنوه ؛ لأن هذا الذي فعلته هو التمتع“যতক্ষণ তুমি নিজ দেশ থেকে হজের উদ্দেশ্যে আগত হও এবং হজের মাসগুলোতে উমরার ইহরাম বাঁধো, তাহলে তুমি মুতামাত্তি‘ চাই তুমি তামাত্তু‘র নিয়ত করো বা না করো। কারণ তুমি যা করেছ, সেটাই তো তামাত্তু‘।(ইবনু উসাইমীন,মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল; খণ্ড: ২৪; পৃষ্ঠা: ৩০১)
.
এমনকি ইমাম ইবনু উসাইমীন (রাহিমাহুল্লাহ)-কে আরো জিজ্ঞাসা করা হয়েছিলঃ“আমি রমযানে উমরা আদায়ের উদ্দেশ্যে এসেছিলাম এবং হজ পর্যন্ত অবস্থান করার নিয়ত করেছিলাম। শাওয়ালের চতুর্থ দিনে আমি আমার মৃত বোনের পক্ষ থেকে একটি উমরা আদায় করি। অথচ আমি জানতাম না যে, কেউ যদি হজের মাসগুলোতে উমরা করে তাহলে সে মুতামাত্তি‘ হিসেবে গণ্য হয়। তাহলে এখন কি আমার উপর হাদি আবশ্যক হবে, যেহেতু আমি মুতামাত্তি‘ হয়ে গেছি?
তিনি উত্তরে বলেন:
المتمتع هو الذي يحرم بالعمرة في أشهر الحج بعد دخول شهر شوال بنية الحج هذا العام ثم يحج، ويجب على المتمتع ما استيسر من الهدي ، شاة ، ماعز ، ضأن تم له ستة أشهر، وسلم من العيوب المانعة من الإجزاء ، وإذا لم تجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعت ، تلك عشرة، ثلاثة أيام بالحج، تبتدىء من حين أن يحرم بالعمرة، يعني مثلا الإنسان متمتع الآن وليس عنده فلوس، نقول: صم من الآن، صم ثلاثة أيام في الحج وسبعة إذا رجع إلى أهله وانتهى سفره، ولو قال: لا أستطيع أن أصوم تبتباعا؟
قلنا: يصوم يوما ويفطر يوما أو يومين، والدليل أن الله قال: (فصيام ثلاثة أيام في الحج) ولم يقل: متتابعة، ولو أراد الله منا أن نتابع لقال متتابعة، ولو قال: لا أستطيع أن أصوم عندي سكر وأحتاج إلى ماء ولا أستطيع أن أصوم ثلاثة أيام ولا يوما واحدا ، فليس عليه شيء، والدليل: قال الله- عز وجل-: (لا يكلف الله نفسا إلا وسعها) “
“মুতামাত্তি‘ হলো সেই ব্যক্তি, যে শাওয়াল মাস প্রবেশের পর হজের মাসগুলোতে এ বছরের হজের নিয়তে উমরার ইহরাম বাঁধে, অতঃপর হজ্ব আদায় করে।আর মুতামাত্তি‘র উপর সহজলভ্য হাদি আবশ্যক হয়,একটি ভেড়া বা ছাগল; এমন ভেড়া যা ছয় মাস পূর্ণ করেছে এবং এমন ত্রুটিমুক্ত যা কুরবানির জন্য গ্রহণযোগ্য। আর যদি সে হাদি না পায়, তাহলে হজের সময় তিন দিন এবং ফিরে যাওয়ার পর সাত দিন রোজা রাখবে। এভাবে মোট দশ দিন হবে।হজ্বের মধ্যে তিন দিন,এটি উমরার ইহরাম বাঁধার পর থেকেই শুরু করা যায়। অর্থাৎ উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি এখন মুতামাত্তি‘ হয়েছে কিন্তু তার কাছে টাকা নেই, তখন আমরা বলব: এখন থেকেই রোজা রাখো। হজের মধ্যে তিন দিন এবং নিজ পরিবারের কাছে ফিরে গিয়ে সফর শেষ হওয়ার পর সাত দিন রোজা রাখবে।যদি সে বলে: ‘আমি ধারাবাহিকভাবে রোজা রাখতে পারব না?
আমরা বলব: সে একদিন রোজা রাখবে, তারপর একদিন বা দুইদিন বিরতি দেবে। কারণ আল্লাহ তাআলা বলেছেনঃ “তাহলে হজের মধ্যে তিন দিন রোজা রাখতে হবে।”আল্লাহ বলেননি: “ধারাবাহিকভাবে”। যদি আল্লাহ আমাদের উপর ধারাবাহিক করা আবশ্যক করতেন, তাহলে অবশ্যই “متتابعة” (একটানা) বলতেন।আর যদি সে বলে:“আমি রোজা রাখতে পারি না। আমার ডায়াবেটিস আছে, পানি প্রয়োজন হয়, আমি তিন দিন তো দূরের কথা, একদিনও রোজা রাখতে পারি না।” তাহলে তার উপর কিছুই আবশ্যক হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেনঃ“আল্লাহ কোনো প্রাণকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না।”(ইবনু উসাইমীন; মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল; খণ্ড: ২২; পৃষ্ঠা: ৪২)
.
বিগত শতাব্দীর সৌদি আরবের অন্যতম শ্রেষ্ঠ ফাক্বীহ শাইখুল ইসলাম ইমাম ‘আব্দুল ‘আযীয বিন ‘আব্দুল্লাহ বিন বায আন-নাজদী (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৪২০ হি./১৯৯৯ খ্রি.] বলেছেন,من جاء للحج وأدى العمرة ثم بقي في جده أو الطائف وهو ليس من أهلهما ثم أحرم بالحج فهذا متمتع، فخروجه إلى الطائف أو جده أو المدينة لا يخرجه كونه متمتعا، لأنه جاء لأدائهما جميعا، وإنما سافر إلى جدة أو الطائف لحاجة، وكذا من سافر إلى المدينة للزيارة كل ذلك لا يخرجه عن كونه متمتعا في الأظهر والأرجح فعليه هدي التمتع ..“যে ব্যক্তি হজের উদ্দেশ্যে আসে এবং উমরা আদায় করে, অতঃপর জেদ্দা বা তায়েফে অবস্থান করে—যদিও সে ঐ দুই স্থানের অধিবাসী না হয়—এরপর হজের ইহরাম বাঁধে, তাহলে সে মুতামাত্তি‘ (তামাত্তু‘কারী) হিসেবেই গণ্য হবে।কারণ তার তায়েফ, জেদ্দা বা মদীনায় বের হওয়া তাকে মুতামাত্তি‘ হওয়া থেকে বের করে দেয় না। কেননা সে মূলত উমরা ও হজ উভয়টিই আদায়ের উদ্দেশ্যে এসেছে। আর জেদ্দা বা তায়েফে গিয়েছে কোনো প্রয়োজনবশত। অনুরূপভাবে কেউ যদি যিয়ারতের উদ্দেশ্যে মদীনায় সফর করে, তাহলেও তা তাকে মুতামাত্তি‘ হওয়া থেকে বের করবে না—এটাই অধিক প্রকাশ্য ও অধিক প্রাধান্যযোগ্য মত। সুতরাং তার উপর তামাত্তু‘র হাদি (কুরবানি) আবশ্যক হবে…” সমাপ্ত।
.
অপর ফাতাওয়ায় শাইখুল ইসলাম ইমাম ‘আব্দুল ‘আযীয বিন ‘আব্দুল্লাহ বিন বায আন-নাজদী (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৪২০ হি./১৯৯৯ খ্রি.]-কে জিজ্ঞাসা করা হয়েছিলঃ“এক ব্যক্তি শাওয়াল মাসে উমরা আদায় করেছে, এরপর নিজ পরিবারের কাছে ফিরে গেছে। তারপর মক্কায় ফিরে এসে ইফরাদ হজের নিয়ত করেছে। সে কি মুতামাত্তি‘ গণ্য হবে এবং তার উপর কি হাদি আবশ্যক হবে?”
তিনি উত্তরে বলেন:
إذا أدى الإنسان العمرة في شوال، ثم رجع إلى أهله، ثم أتى بالحج مفرداً: فالجمهور على أنه ليس بمتمتع ، وليس عليه هدي ، لأنه ذهب إلى أهله ثم رجع بالحج مفرداً. وهذا هو المروي عن عمر وابنه رضي الله عنهما ، وهو قول الجمهور.والمروي عن ابن عباس: أنه يكون متمتعاً ، وأن عليه الهدي ، لأنه جمع بين الحج والعمرة في أشهر الحج في سنة واحدة.أما الجمهور فيقولون : إذا رجع إلى أهله ، وبعضهم يقول : إذا سافر مسافة قصر ثم جاء بحج مفرد، فليس بمتمتع .والأظهر ـ والله أعلم ـ أن الأرجح ما جاء عن عمر وابنه رضي الله عنهما ، أنه إذا رجع إلى أهله فإنه ليس بمتمتع ، ولا دم عليه ، وأما من جاء للحج وأدى العمرة، ثم بقي في جدة أو الطائف، وهو ليس من أهلهما، ثم أحرم بالحج فهذا متمتع ، فخروجه إلى الطائف أو جدة أو المدينة لا يخرجه عن كونه متمتعاً ، لأنه جاء لأدائهما جميعاً ، وإنما سافر إلى جدة أو الطائف لحاجة ، وكذا من سافر إلى المدينة للزيارة، كل ذلك لا يخرجه عن كونه متمتعاً، في الأظهر والأرجح، فعليه هدي التمتع ، ويسعى للحج كما سعى لعمرته “
“যখন কোনো ব্যক্তি শাওয়ালে উমরা আদায় করে, এরপর নিজ পরিবারের কাছে ফিরে যায়, তারপর ইফরাদ হজ্বের উদ্দেশ্যে আসে,তাহলে অধিকাংশ আলেমের মতে সে মুতামাত্তি‘ নয় এবং তার উপর হাদি আবশ্যক নয়।কারণ সে নিজ পরিবারের কাছে ফিরে গিয়েছিল, তারপর আলাদা ইফরাদ হজ্বের নিয়তে এসেছে। এ মতটিই উমর (রাযিয়াল্লাহু আনহু) ও তাঁর পুত্র আব্দুল্লাহ ইবনে উমর (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত হয়েছে এবং এটাই অধিকাংশ আলেমের মত।তবে ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত আছে যে, তিনি তাকে মুতামাত্তি‘ মনে করেন এবং বলেন যে, তার উপর হাদি আবশ্যক হবে। কারণ সে একই বছরে হজের মাসগুলোর মধ্যে উমরা ও হজ্ব একত্র করেছে।কিন্তু অধিকাংশ আলেম বলেনঃ যখন সে নিজ পরিবারের কাছে ফিরে গেছে,আর কিছু আলেম বলেন, যদি সে কসর পরিমাণ দূরত্ব সফর করে,তারপর ইফরাদ হজ্ব নিয়ে আসে, তাহলে সে আর মুতামাত্তি‘ থাকবে না। প্রকাশ্য ও অধিক প্রাধান্যযোগ্য মত,আল্লাহই সর্বাধিক জ্ঞাত,হলো উমর (রাযিয়াল্লাহু আনহু) ও তাঁর পুত্র থেকে যে মত বর্ণিত হয়েছে তা। আর তা হলো, যখন কেউ নিজ পরিবারের কাছে ফিরে যায়, তখন সে আর মুতামাত্তি‘ থাকে না এবং তার উপর কোনো দম (কুরবানি) ও আবশ্যক হয় না।তবে যে ব্যক্তি হজের উদ্দেশ্যে আসে, উমরা আদায় করে, তারপর জেদ্দা বা তায়েফে অবস্থান করে।যদিও সে ঐ দুই স্থানের অধিবাসী নয়।এরপর হজের ইহরাম বাঁধে, তাহলে সে মুতামাত্তি‘ হিসেবেই গণ্য হবে। কারণ তার তায়েফ, জেদ্দা বা মদীনায় বের হওয়া তাকে তামাত্তু‘ থেকে বের করে দেয় না। কেননা সে মূলত উমরা ও হজ উভয়টিই আদায়ের উদ্দেশ্যে এসেছে। আর জেদ্দা বা তায়েফে গিয়েছে কোনো প্রয়োজনবশত। অনুরূপভাবে যে ব্যক্তি যিয়ারতের জন্য মদীনায় সফর করে, তার ক্ষেত্রেও একই হুকুম। এসব কিছুই তাকে মুতামাত্তি‘ হওয়া থেকে বের করবে না, এটাই অধিক প্রকাশ্য ও অধিক প্রাধান্যযোগ্য মত। সুতরাং তার উপর তামাত্তু‘র হাদি (কুরবানি) আবশ্যক হবে। আর তাকে হজের জন্য সাঈ করতে হবে, যেমন সে উমরার জন্য সাঈ করেছিল।”(মাজমূ‘উ ফাতাওয়া ওয়া মাক্বালাতুম মুতানাওয়্যা‘আহ; খণ্ড: ১৭; পৃষ্ঠা: ৯৬)।
.
তবে হ্যাঁ, যে ব্যক্তি তামাত্তু‘ হজের উদ্দেশ্যে উমরাহ আদায় করার পর মদিনা, তায়েফ কিংবা অন্য কোনো দূরবর্তী স্থানে সফর করেন, তিনি চাইলে পুনরায় সেখানকার মীকাত থেকে উমরাহর ইহরাম বেঁধে মক্কায় ফিরে এসে আরেকটি উমরাহ আদায় করতে পারেন। এরপর ৮ জিলহজ্ব পর্যন্ত মক্কায় অবস্থান করে হজ সম্পন্ন করলে তিনি মুতামাত্তি‘ হিসেবে গণ্য হবেন।
এ প্রসঙ্গে ইমাম আবদুল আযীয ইবনে বায (রাহিমাহুল্লাহ) অন্য একটি ফাতওয়ায় বলেন:وإن رجع محرماً بالعمرة – يعني في سفره الثاني- وحل منها، ثم أقام حتى يحج: فهذا متمتع ، وعمرته الأولى لا تجعله متمتعاً عند الجمهور، ولكن صار متمتعاً بالعمرة الأخيرة التي أداها، ثم بقي في مكة حتى حج“যদি সে দ্বিতীয় সফরে উমরাহর ইহরাম বেঁধে ফিরে আসে, অতঃপর উমরাহ সম্পন্ন করে হালাল হয় এবং হজ্ব পর্যন্ত অবস্থান করে, তাহলে সে মুতামাত্তি‘ হবে। তবে অধিকাংশ আলেমের মতে, তার প্রথম উমরাহ তাকে মুতামাত্তি‘ বানায়নি; বরং সর্বশেষ যে উমরাটি সে আদায় করেছে, সেটির কারণেই সে মুতামাত্তি‘ হয়েছে। এরপর সে মক্কায় অবস্থান করেছে এবং পরবর্তীতে হজ আদায় করেছে।”—(মাজমূ‘উ ফাতাওয়া ওয়া মাকালাতুম মুতানাওয়ি‘আহ (১৭/৯৮)
.
সৌদি আরবের ‘ইলমী গবেষণা ও ফাতাওয়া প্রদানের স্থায়ী কমিটির (আল-লাজনাতুদ দাইমাহ লিল বুহূসিল ‘ইলমিয়্যাহ ওয়াল ইফতা) ‘আলিমগণকে জিজ্ঞাসা করা হয়েছিলঃ“আমি ১৩৯৫ হিজরির শাওয়াল মাসে উমরার মানাসিক আদায় করেছি। উমরা শেষে নিজ শহরে ফিরে গেছি। এখন ইনশাআল্লাহ একই বছর ১৩৯৫ হিজরিতে হজ আদায়ের ইচ্ছা রাখি। তাহলে কি আমার উপর ফিদইয়া/হাদি আবশ্যক হবে, নাকি হবে না?
তারা উত্তরে বলেন:جمهور الفقهاء يرون أنه ليس عليك هدي؛ لأنك لم تتمتع بالعمرة إلى الحج في سفرة واحدة، حيث ذكرت أنك رجعت بعد أداء العمرة في شوال عام 95هـ إلى بلدك، ولم تبق بمكة حتى تؤدي الحج.ويرى بعض الفقهاء أن عليك الهدي إذا حججت من عامك ولو رجعت إلى بلدك أو إلى أبعد منها؛ لعموم قوله تعالى: ( فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ) البقرة/196 . والفتوى والعمل جاريان على قول الجمهور من عدم وجوب الهدي في ذلك “অধিকাংশ ফকীহের মতে, তোমার উপর হাদি আবশ্যক হবে না। কারণ তুমি একই সফরে উমরা থেকে হজ পর্যন্ত তামাত্তু‘ করোনি। কেননা তুমি উল্লেখ করেছ যে, ৯৫ হিজরির শাওয়ালে উমরা আদায়ের পর নিজ দেশে ফিরে গিয়েছিলে এবং হজ আদায় পর্যন্ত মক্কায় অবস্থান করোনি। তবে কিছু ফকীহের মতে, যদি তুমি একই বছরে হজ করো, তাহলে তোমার উপর হাদি আবশ্যক হবে,যদিও তুমি নিজ দেশে বা তার চেয়েও দূরে ফিরে গিয়ে থাকো। তারা আল্লাহ তাআলার এ সাধারণ বাণী দ্বারা দলিল গ্রহণ করেছেনঃ“অতঃপর যে ব্যক্তি উমরার মাধ্যমে হজ পর্যন্ত উপকৃত হবে, তার উপর সহজলভ্য হাদি আবশ্যক।” [সূরা আল-বাকারাহ: ১৯৬] তবে ফতোয়া ও আমল অধিকাংশ আলেমের মত অনুযায়ী চলছে,যে এ অবস্থায় হাদি ওয়াজিব নয়।”(ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়িমাহ; খণ্ড: ১১; পৃষ্ঠা: ৩৬৬)
.
পরিশেষে প্রিয় পাঠক! উপরোক্ত আলোচনার সারকথা হলো—কেউ যদি উমরাহ সম্পন্ন করার পর ৮ই জিলহজ্বের পূর্বে মদিনা, তায়েফ বা জেদ্দার মতো দূরবর্তী স্থানে সফর করেন, তাহলে তার তামাত্তু‘ হজ্ব বাতিল হবে না; বরং বিশুদ্ধ মতানুযায়ী তা সহীহ ও বহাল থাকবে। কারণ আলেমগন তামাত্তু‘ ভঙ্গ হওয়ার বিষয়টি মূলত নিজ দেশ বা স্থায়ী বাসস্থানে ফিরে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট করেছেন, সৌদি আরবের অন্য কোনো শহরে সফর করার সঙ্গে নয়। সুতরাং মদিনা বা তায়েফ সফরকারী ব্যক্তি মক্কায় ফিরে আসার সময় স্বাভাবিক পোশাকেই মীকাত অতিক্রম করে মক্কায় প্রবেশ করতে পারবেন; তার জন্য নতুন করে ইহরাম বাঁধা বা উমরাহ করা আবশ্যক নয়। তবে তিনি চাইলে মীকাত থেকে ইহরাম বেঁধে পুনরায় উমরাহ আদায় করতে পারেন। অতঃপর ৮ই জিলহজ্বে তিনি মক্কায় অবস্থানস্থল থেকেই হজের ইহরাম বেঁধে তামাত্তু‘ হজ সম্পন্ন করবেন এবং বিধান অনুযায়ী তাঁর ওপর তামাত্তু‘র হাদী বা কুরবানি ওয়াজিব থাকবে”। (আল্লাহই সবচেয়ে জ্ঞানী)।
▬▬▬▬▬▬▬✿▬▬▬▬▬▬▬
আপনাদের দ্বীনি ভাই। জুয়েল মাহমুদ সালাফি।
Share: