ইলম ও ভালোবাসার বন্ধন এবং আলেম ও তাঁদের ছাত্র কিংবা সহকর্মীদের বৈবাহিক সম্পর্ক

ভূমিকা:​ ইসলামের সোনালী যুগ থেকে শুরু করে যুগ যুগ ধরে ইলম ও উলামায়ে কেরামের পারস্পরিক সম্পর্ক কেবল দারসুল বা পাঠদান বা কর্মক্ষেত্রের গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল না, বরং তা অনেক সময় পারিবারিক ও আত্মীয়তার সুদৃঢ় বন্ধনে রূপ নিয়েছে; যা ওস্তাদ-ছাত্র কিংবা সহকর্মীদের মাঝে ইলমের পবিত্র আমানত রক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধকে আরও বেশি উচ্চতর পর্যায়ে উন্নীত করেছে। যার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন প্রখ্যাত তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়্যিব (রাহিমাহুল্লাহ) থেকে শুরু করে পরবর্তী যুগের ইমাম ইবনে উসাইমীন (রাহিমাহুল্লাহ)-এর মতো মহান মনীষীরা—যারা নিজেদের ছাত্র বা সহকর্মীদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে আত্মিক ও হৃদয়ের সংযোগের এক অনুপম ইতিহাস রচনা করেছেন।উদাহরণস্বরূপ:
.
প্রখ্যাত তাবেঈ ​সাঈদ ইবনুল মুসাইয়্যিব (রাহিমাহুল্লাহ) প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা (রা.)-এর কন্যাকে বিবাহ করেছিলেন।
.
সাঈদ ইবনুল মুসাইয়্যিব (রাহিমাহুল্লাহ) তাঁর নিজের কন্যাকে তাঁরই একনিষ্ঠ ও দরিদ্র ছাত্র কাসির ইবনে আবি ওয়াদাআহ- (রাহিমাহুল্লাহ)-এর সাথে বিবাহ দিয়েছিলেন।
.
​হাফিজ ইবনু কাসির (রাহিমাহুল্লাহ.) তাঁর উস্তায আল-মিযযীর কন্যা যয়নাবকে বিবাহ করেছিলেন।
.
​হানাফি মাযহাবের বিখ্যাত ‘বাদায়েউস সানায়ে’ গ্রন্থের প্রণেতা আবু বকর আল-কাসানি (রাহিমাহুল্লাহ) তাঁর উস্তায ‘তুহফাতুল ফুকাহা’ গ্রন্থের রচয়িতা আলাউদ্দীন আস-সামারকন্দী (রাহিমাহুল্লাহ)-এর কন্যা ফাতিমাকে বিবাহ করেছিলেন।
.
​‘মাজমাউয যাওয়ায়েদ’ গ্রন্থের প্রণেতা হাফিজ ইমাম হাইসামি (রাহিমাহুল্লাহ) তাঁর উস্তায হাফিজ আল-ইরাকি (রাহিমাহুল্লাহ)-এর কন্যাকে বিবাহ করেছিলেন।
.
​হাম্বলি মাযহাবের ‘আল-ফুরুউ’ গ্রন্থের রচয়িতা ইবনু মুফলিহ আল-হাম্বলি, বিশিষ্ট হাম্বলি আলেম ও প্রধান বিচারপতি শায়খ জামালুদ্দীন আল-মারদাওয়ির কন্যাকে বিবাহ করেছিলেন।
.
​তাফসিরগ্রন্থের রচয়িতা আবু সানা আল-আলিউসি তাঁর উস্তায আল্লামা আলী আস-সুওয়াইদির কন্যাকে বিবাহ করেছিলেন।
.
শায়খ আব্দুল্লাহ বিন আব্দুল গনি আল-খাইয়াত তাঁর উস্তায,মক্কার মসজিদে হারামের ইমাম আল্লামা মুহাম্মদ আব্দুল রাজ্জাক হামযা-এর কন্যাকে বিবাহ করেছিলেন।
​.
​শায়খ হাফেজ আল-হাকামি তাঁর উস্তায শায়খ আব্দুল্লাহ আল-কারআবির কন্যাকে বিবাহ করেছিলেন।
.
আল্লামা মুহাম্মদ তাকি উদ্দিন আল-হিলালি (রাহিমাহুল্লাহ) তার বন্ধ আল্লামা মুহাম্মদ আল-আমিন আশ-শানকিতি (রাহিমাহুল্লাহ)-এর কন্যাকে বিবাহ করেছিলেন। এই বিয়ের মাধ্যমে দুই মহান আলেম ও সংস্কারকের মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থাপিত হয়েছিল।
.
শায়খ ড. সামি বিন মোহাম্মদ আস-সুকাইর​ ইমাম ইবনে উসাইমীন (রাহিমাহুল্লাহ.)-এর কন্যাকে বিবাহ করেন।
.
একইভাবে শায়খ খালিদ আল-মুসলিহও ইমাম ইবনে উসাইমীন (রাহিমাহুল্লাহ)-এর অপর এক কন্যাকে বিবাহ করেন।
.
​পরিশেষে বলা যায়, ইলম চর্চার এই সুমহান পথপরিক্রমায় উলামায়ে কেরামের এই পারিবারিক বন্ধনগুলো প্রমাণ করে যে, দ্বীনি জ্ঞান ও শিক্ষক-ছাত্রের সম্পর্ক কেবল প্রাতিষ্ঠানিক নয়, বরং তা আত্মিক ও হৃদয়ের সংযোগ। এই সখ্য ও আত্মীয়তার সুতোয় গাঁথা ঐতিহ্য ইলমের সুরক্ষা এবং পারস্পরিক ইখলাস ও ভালোবাসার এক অনুপম দৃষ্টান্ত হয়ে চিরকাল অমর হয়ে থাকবে। (আল্লাহই সবচেয়ে জ্ঞানী)।
▬▬▬▬▬◄❖►▬▬▬▬▬
উপস্থাপনায়: জুয়েল মাহমুদ সালাফি।
Share: